হাওজা নিউজ এজেন্সি: বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও জোরদার করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারসি ভাষা কার্যক্রমের উন্নয়ন ও সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে অবস্থিত ইরানি দূতাবাসের যৌথ পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভিজিটিং প্রফেসর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, সামাজিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে বিভিন্ন একাডেমিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ইরানি অধ্যাপক নিয়োগের আগ্রহ প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সফর এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রদর্শনের জন্য উপাচার্য ইরানি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এর আগে, ইরানি রাষ্ট্রদূত টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান স্বাগত বক্তব্য দেন এবং সদস্য সচিব মেহেদী হাসান ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার কমেন্ট